ঢাকা জেলার সাভারে অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি দল। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ সালমান (২৭)। সে ব্রাক্ষণবাড়িয়া জেলার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সাভার মডেল থানাধীন পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩১ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ সালমান নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সালমান বেশ কিছুদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের বিক্রয় করে আসছিলো।


