জামান প্লাজায় ভাড়া মওকুফ: ঈদে বন্ধ থাকছে বিয়ানীবাজারের প্রধান শপিংমল গুলো
শাহীন আলম হৃদয় শাহীন আলম হৃদয়
বিশেষ সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণ ও ঝুঁকি মোকাবিলায় ঈদে বন্ধ থাকছে সিলেটের বিয়ানীবাজারের প্রধান শপিংমল গুলো। পৌরশহরের প্রধান ৪ শপিংমল জামান প্লাজা, সাত্তার শপিং কমপ্লেক্স, আল আমিন সুপার মার্কেট ও আজির প্লাজা আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার (৯ মে) দুপুরে বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের এক জরুরী বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জামান প্লাজার সকল দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন মালিকপক্ষ। ব্যবসায়িদের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিয়ানীবাজারের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
বৈঠকে উপস্থিত ব্যবসায়ী নেতারা জানান, করোনাভাইরাস সংক্রমণ ও আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামী ৩১ মে পর্যন্ত বিয়ানীবাজার পৌরশহরের প্রধান ৪ মার্কেট জামান প্লাজা, সাত্তার শপিং কমপ্লেক্স, আল আমিন সুপার মার্কেট ও আজির প্লাজার কোনো ব্যবসাপ্রতিষ্ঠান না খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, ঈদকে সামনে রেখে ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে। তবে চাইলে যে কেউ স্বেচ্ছায় বন্ধ রাখতেও পারবেন।


