এমসি কলেজের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধনে ১০দফা দাবী
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সকল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন থেকে ১০দফা দাবি উত্থাপন করা হয়।
দুই ঘণ্টার মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে স্লোগান দেন। এসময় টিলাগড়-তামাবিল সড়ক অবরোধ করলে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ ছাত্রদের দাবির সাথে একাত্মতা পোষণ করে যথাসম্ভব দ্রুত তা বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে দেয়া হয়।
১০ দফা দাবি সমূহ হল:
১. এমসি কলেজে গত ২৫শে সেপ্টেম্বর রাতে ঘটা গণধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িত সকল অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা।
২. সকল অপরাধীর ছাত্রত্ব বাতিল ও সার্টিফিকেট হ্রদ করা।
৩. ক্যাম্পাস ও হোস্টেলের সার্বিক ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
৪. কলেজ হোস্টেলকে সাবেক ছাত্র ও বহিরাগত মুক্ত করা।
৫. পুরো কলেজ ক্যাম্পাস ও হোস্টেল সিসিটিভি ফুটেজের আওতায় নিয়ে আসা।
৬. পুরো কলেজ হোস্টেলে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা করা।
৭. কলেজ ও হোস্টেলে নিরাপত্তা বেষ্টিত সীমানা প্রাচীর নির্মাণ করা।
৮. কলেজের সকল ছাত্রছাত্রীদের জন্য একটি উন্মুক্ত অভিযোগ বক্স তৈরি করা, যেখানে যে কেউ নির্যাতন বা সহিংসতা বা যে কোন ধরণের সমস্যার শিকার হলে স্বাধীনভাবে অভিযোগ করতে পারে। এবং সেই অভিযোগ বক্সের অভিযোগ সমূহকে তদন্ত ও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ প্রশাসন কর্তৃক একটি নিরপেক্ষ কমিটি তৈরি করা।
৯. যে দুজন কর্মচারীকে অব্যাহতি দেয়া হয়েছে তাদেরকে পুনর্বহাল করা হোক।
১০. সর্বোপরি কলেজের সকল শিক্ষার্থী, পরীক্ষার্থী, বহিরাগত দর্শনার্থী, সাংস্কৃতিক, সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দের কলেজ ক্যাম্পাসে অবস্থান কালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করা।


