লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
এম এ জামান এম এ জামান
বায়ান্ন টিভি
লন্ডন, ১৪ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী জমজমাট এই ফুটবল আয়োজনে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা কাগজ বার্মিংহাম । আর কয়েকবারের চ্যাম্পিয়ন ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড অর্জন করেছে রানার আপের গৌরব।
রোববার ১৩ই সেপ্টেম্বর পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন ফুটবল গ্রাউন্ডের অ্যাস্ট্রোটার্ফ মাঠে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে সাতটি দল অংশ নেয়। শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশনেন—অনলাইন ওয়ারিয়র্স,বাংলা কাগজ, বাংলা পোস্ট, চ্যানেল এস, ইকরা বাংলা, এলবি২৪ এবং ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডের খেলোয়াড়রা।
সকালে বৈরী আবহাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম। টুর্নামেন্ট শুরুর আগে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রয়াত সদস্য কায়সারুল ইসলাম সুমনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিনভর মাঠে চলে টানটান উত্তেজনার ম্যাচ। সাংবাদিক ও মিডিয়া কমিউনিটির সদস্যদের নিয়ে গঠিত দলগুলোর প্রাণবন্ত অংশগ্রহণে টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে উপভোগ্য। শেষ পর্যন্ত সেরা দল হিসেবে শিরোপা নিজেদের করে নেয় বাংলা কাগজ এবং দ্বিতীয় স্থান অর্জন করে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড।
টুর্নামেন্ট আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে সিডিসি (ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন)। এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে কার প্ল্যানেট, ভ্যানটেজ অ্যাক্সিডেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপ, মেল্যান্ডস গলফ ক্লাব, শাপলা ইভেন্টস, ফিস্ট অ্যান্ড মিষ্টি, প্রিন্ট ল্যাব, ইস্টএন্ড প্রপার্টিজ এবং কিলার উইলিয়ামস। লন্ডন স্পোর্টিফ পুরো টুর্নামেন্টের লজিস্টিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাচ পরিচালনা, রেফারি সরবরাহসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব তারা পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করে।
বিকেলে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী উদ্বোধনী বক্তব্য রাখেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইছির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার মোহাম্মাদ আব্দুল হান্নান ও ইভেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রূপী আমিন এবং লন্ডন স্পোর্টিফের কর্মকর্তা আতীকুর রহমান।
অনুষ্ঠানে টুর্নামেন্টের সফল আয়োজনে সহযোগিতার জন্য পৃষ্ঠপোষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান পৃষ্ঠপোষক সিডিসি (ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন)-কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সিডিসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সাদেকুল আলম। তিনি টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের আগামী আয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শাপলা ইভেন্টসের মালিক জাফর মিয়া বলেন,খেলাধুলার মাধ্যমে মিডিয়া কমিউনিটির সদস্যদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য আরও শক্তিশালী হয় তাই শুধু বিনোদন নয় কমিউনিটি জন্য এরকম আয়োজন করতে প্রেস ক্লাব নেতৃত্ববৃন্দকে আহ্বান জানান ।
টুর্নামেন্টের ফাইনালে বাংলা কাগজের অধিনায়ক জয়নাল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। বাংলা কাগজের আহমেদ সোহেল সেরা গোলরক্ষক এবং বাংলা কাগজের রিয়াদ আহাদ সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন।
সমাপনী অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী ফুটবল টুর্নামেন্টকে প্রেস ক্লাবের অন্যতম প্রধান আয়োজন হিসেবে উল্লেখ করে বলেন,”টুর্নামেন্টের সফল সমাপ্তি প্রেস ক্লাবের সদস্যদের পেশাদারিত্ব, দলগত কাজ ও সাংগঠনিক দক্ষতারই প্রতিফলন। সাংবাদিকতা পেশায় যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত সহযোগিতা গুরুত্বপূর্ণ, খেলাধুলার এই আয়োজনের মাধ্যমেও সদস্যরা তার সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন”।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের এসিসটেন্ট ট্রেজারার এখলাসুর রহমান পাক্কু, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান,মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ,এক্সিকিউটিভ মেম্বার সারওয়ার হোসাইন, এনাম চৌধুরী, শাহিদুর রহমান সুহেল এবং লোকমান হোসেন কাজীসহ অন্যান্যরা |


