চট্টগ্রামের পটিয়ায় মৃত্যুর আড়াই মাস পর শিশুর লাশ উত্তোলন

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মে ৭, ২০২০ 580 views
শেয়ার করুন
দক্ষিণ চট্টগ্রাম জেলার পটিয়ায় দাফনের আড়াই মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে জোবায়েত হোসেন নামের এক শিশুর লাশ। গতকাল বুধবার (৭ই মে) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে পটিয়া থানা পুলিশ।
 
আদালতের নির্দেশে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল জসিম এবং পটিয়া থানার উপ-পরির্শদক বোরহান উদ্দিনের উপস্থিতিতে লাশ তোলা হয়।
 
জানা যায়, সাত বছর বয়সী জোবায়েত আজিমপুর গ্রামের রিক্সাচালক ফারুকের একমাত্র পুত্র সন্তান। গত ২২ ফেব্রুয়ারী শিশু জোবায়েতকে তার মা দুপুরের ভাত খাওয়ার জন্য খোঁজাখুঁজি করে। পরে খবর পাওয়া যায় জোবায়েতকে ধাক্কা দিয়ে স্থানীয় কুয়ায় ফেলে দেয়া হয়েছে। স্থানীয়রা কুয়া থেকে শিশু জোবায়েতের নিথর দেহ উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জোবায়েদকে মৃত ঘোষনা করে।
 
এদিকে এই শিশুর মৃত্যুর ঘটনায় নানা রহস্য ও ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয় গ্রামজুড়ে। একইদিন নিহতের বাবা ফারুক পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে মামলা না নেওয়াতে গত ৪ মার্চ পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
 
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, শিশু জোবায়েতের বাবার মামলার পর আদালতের নির্দেশে লাশ কবর থেকে লাশ তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে এই শিশুর মৃত্যুর রহস্য জানা যাবে।