গভীর রাতে দুর্বৃত্তদের হামলা ; গুরুতর আহত-১

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ 678 views
শেয়ার করুন

সিলেটের জকিগঞ্জে সেনাপতিরচক গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় কবির আহমদ (৫৭) নামক এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে বাড়ির নিকটস্থ বাহরতলী বিল থেকে চাঁই (ডরি) উঠাতে গিয়েছিলেন কবির। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে আহতের চিৎকার শুনে লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। মাথা এবং বুকে গুরুতর জখম রয়েছে উল্লেখ করে পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে জ্ঞান ফিরলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

এদিকে, মঙ্গলবার রাত আটটায় অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে কবির আহমদের পরিচয় জানতে চাওয়া হয়।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এলাকা জুড়ে বিরাজ করছে নিন্দার ঝড়। পারিবারিক সূত্র জানিয়েছে, থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ চলছে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন – পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটতে পারে। তবে মামলার প্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া শেষে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।