মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মদনের আব্দুল কাদির (৪১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় আনুমানিক বিকাল ৫টায় মালয়েশিয়ার ইপো জেলা আইটায়ার গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের ছোট ভাই সেনা সদস্য ইনজামুল কাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই প্রবাসী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর আগ পাড়া গ্রামের আব্দুল জহুরের ছেলে। আব্দুল কাদির ২০১০ সাল থেকে মালেশিয়ায় আছেন।
নিহত প্রবাসীর ভাই সেনা সদস্য ইনজামুল কাদের জানান, আমার ভাই শুক্রবার বন্ধুদের সাথে খাবার খেতে হোটেলে যায়। খাবার খেয়ে বাসায় ফেরার পথে রাস্তা পাড়া পাড়ের সময় একটি প্রাইভেটকার পেছন দিক দিয়ে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় চালক ও প্রাইভেটকারটি আটক করা হয়। আমরা মালয়েশিয়া উনার রোম ম্যাট বন্ধুদের সাথে কথা বলেছি লাশ হাসপাতালের হিমাগারে আছে। মালিক পক্ষ লাশ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন। নিহত প্রবাসী আব্দুল কাদিরের তিনজন মেয়ে রয়েছে।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, বিষয়টি যেহেতু আমার দেশের নয়। এটি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে তার লাশ দেশে আনা হলে স্বাস্থ্যবিধি মেনে যেন দাফন করা হবে।


