সিলেটে সনদবিহীন ডাক্তার ও হাসপাতালের বিরুদ্ধে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০ 921 views
শেয়ার করুন

 

সিলেট জেলা ও মহানগরের স্বাস্থ্য সেবার মান উন্নত করতে চিকিৎসা সেবায় নিয়োজিত সকল চিকিৎসক, টেকনিশিয়ানরা প্রকৃত সনদদারী কিনা এ ব্যাপারে খোঁজ নিতে ও অনুমোদনহীন প্রতিষ্ঠান, ভুয়া ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ানদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

আজ ১৫ জুলাই, বুধবার এ ব্যাপারে ব্যবস্থা নিতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বরাবরে চিঠি প্রেরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।
যার স্মারক নং-১৯.০০.০০০০.০১০.০১২.০৬.২০২০/৭৬।

পররাষ্ট্রমন্ত্রী উলে­খ করেন, ‘সম্প্রতি দেখা যাচ্ছে দেশের কয়েকটি স্বাস্থ্য সেবা নামধারী প্রতিষ্ঠান করোনা চিকিৎসার নামে বিভিন্ন ধরনের ভুয়া টেস্ট রিপোর্টের মাধ্যমে জনগণকে প্রতারিত করছে। আবার অনেকে রোগীদের নিকট অনেক বেশি অর্থ আদায় করছে। ফলে স্বাস্থ্য সেবা প্রত্যাশীদের মনে ক্ষোভ যেমন বাড়ছে, তেমনি সরকারকেও বিব্রত হতে হচ্ছে। এ কারণে এ বিষয়ে আমাদের আরো সতর্ক হওয়া প্রয়োজন।’

ড. মোমেন বলেন, ‘সিলেট জেলা ও মহানগরের যে সকল প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলো অনুমোদিত কিনা, এ সকল প্রতিষ্ঠানে নিয়োজিত ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান প্রকৃত সনদধারী কিনা বা তাদের পেশা পরিচালনা করার অনুমোদন আছে কিনা, এ সকল বিষয়সমূহ অনুসন্ধান জরুরি। সেই সাথে এ সকল প্রতিষ্ঠান থেকে প্রদেয় চিকিৎসা সেবার বিপরীতে যে অর্থ গ্রহণ করা হচ্ছে, তা গ্রহণযোগ্য কিনা এ বিষয়গুলো নিশ্চিত করা এখন সময়ের দাবি।