সুনামগঞ্জ পৌর শহরের হাসনবসত এলাকায় হাওরে মাছ ধরতে গিয়ে বন্যার পানির কাছাকাছি থাকা বিদ্যুতের তারের পাশ দিয়ে নৌকা নিয়ে হাওরে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি হলেন হাসনবসত গ্রামের ইছাক মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৮)। ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পৌর শহরের হাসনবশত গ্রামের পাশ দিয়ে দেখার হাওরে একটি ছোট নৌকায় করে মাছ ধরতে যাচ্ছিলেন জসিম উদ্দিন।
হাওরে বন্যার পানি বেশি থাকায় একটি বিদ্যুতের লাইন কাছাকাছি ছিল। নৌকাটি তারের পাশ দিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা বৈঠা ওই তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পানিতে পড়ে যান। জসিমের চাচাতো ভাই সাহাদ উদ্দিন বলেন, নৌকাতে তার ছেলেও ছিল। জসিম উদ্দিন নৌকা থেকে পড়ে যাওয়ার পর সেও পানিতে ঝাঁপ দিয়ে জসিমকে খোঁজতে থাকে। খবর পেয়ে তারা গিয়ে দুপুর ১২টার সময় জসিমের লাশ উদ্ধার করেন।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার জানান, পানিতে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে জসীম নামের এক যুবক আহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। ঘটনাস্থলে পৌছানোর পর সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।


