অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে দ্রুত গতিতে যমুনা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার নদীর পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই একদিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে ফের বন্যার আশঙ্কা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
জানা গেছে, পানি বৃদ্ধির কারণে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরই মধ্যে জেলার এনায়েতপুর,জালালপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, দ্রুত গতিতে যমুনা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে। সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি ১২ সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, জেলার পাঁচ উপজেলার ৩৩ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার ২১৬টি গ্রামের ৩৪ হাজার ৬৮৪টি পরিবারের এক লাখ ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।


