দেশে করোনা ভাইরাস পরীক্ষায় ফি বাতিলের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ফি বাতিলসহ স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, সীমান্তে নির্বিচারে হত্যার প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে রাজশাহীতে মানববন্ধন পালিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংগঠনটির রাজশাহী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময় বক্তারা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘সরকার জনগণের কাছ থেকে ট্যাক্স নেয়। তাহলে করোনা পরীক্ষা করাতে জনগণ আবার টাকা কেনো দিবে? স্বাস্থ্যখাতে এতবড় বাজেটের পরও জনগণের পকেট থেকে টাকা নিয়ে কেনো করোনা পরীক্ষা করানো হবে?
মানববন্ধনে তারা করোনা টেস্টের ফি বাতিল করে সম্পূর্ণ বিনামূল্যে করার দাবি জানান।
সংগঠনটির জেলা শাখার সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য ও রাবি শাখার সদ্য সাবেক সভাপতি ইলিয়াস হোসেন।
সাধারণ সম্পাদক শোয়াইব ইসলামের সঞ্চালনায় এ কর্মসূচীতে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ তারিফ উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুরশিদ আলম, ইশা ছাত্র আন্দোলনের রাবি ও রুয়েট শাখার সভাপতি মোহাম্মদ শরিফ।
মানববন্ধনে মোহাম্মদ আলী, সহ-সভাপতি মো. ইসহাক, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, অর্থ সম্পাদক মো. হাবিবুল্লাহসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


