বাংলাদেশ: জ্বলেপুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
মে মাসে প্রকাশিত দি ইকোনমিস্টের গবেষণামূলক এক প্রতিবেদনে উদীয়মান সফল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম উল্লেখ করা হয়েছে। আর বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারির মধ্যেও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে, ২০২০-এ বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম।
গতকাল রবিবারের সর্বশেষ বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতি মূল্যায়ন করে বলা হয়েছে, আক্রান্তের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার ১.২৬ শতাংশ। একই প্রতিবেদনে প্রতিবেশী ভারতের মৃত্যুহার দেখানো হয়েছে ৩.০৮, পাকিস্তানে ২.০৩ এবং যুক্তরাজ্যে ১৪.০৩ শতাংশ। পরাশক্তি যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার প্রায় ১৫ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক এই অর্জন এবং করোনা মোকাবেলায় সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে।
বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের ২২ এপ্রিল সংখ্যায় করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করা হয়েছে। তাঁর নেতৃত্ব নিয়ে প্রতিবেদনে বলা হয়, ১৬ কোটির বেশি মানুষের বসবাস বাংলাদেশে।


