শঙ্খশুভ্র পাত্রের ফলবাহারি জলসা

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ 857 views
শেয়ার করুন

আপেল-আঙুর-কমলালেবু-
ডালিম-লিচু-আতা…
ধন্যি বাপু ! ছাড়বিনে তুই
আমার পিছু হাঁটা ৷

জলপাই-বেল-পেস্তা-বাদাম-
কাঁঠাল-পেঁপে-পেয়ারা…
হুম-হুমা-হুম সুর ভাঁজে ওই
পালকি কাঁধে বেহারা ৷

আম-আনারস-নারকেল-পিচ-
সফেদা-কুল-রম্ভা…
তুই যে দেখি হিরোর মতন
চুল রেখেছিস লম্বা !

জাম-জামরুল-মিষ্টি খেজুর
কিসমিস আর আমলকি,
এই যে এত লিস্টি দিলুম
কথায় দিবি আমল কি ?

শশা-আখরোট-ইমলি-গুবাক-
তরমুজ-তাল-ফলসা…
এইখানে মোর সাঙ্গ হল
ফলবাহারি জলসা ৷