সিলেটের দু’জন এমপি করোনা আক্রান্ত

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ 805 views
শেয়ার করুন

 

সিলেটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণই নেই। যতদিন যাচ্ছে, একেক করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বলতে গেলে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেট। তেমনই প্রাণঘাতি এই ভাইরাসে এবার সিলেট বিভাগের দুই এমপি আক্রান্ত হয়েছেন।

তাঁরা হলেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান ও মৌলভীবাজার-৪ আসনের এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ।

মঙ্গলবার এমপি আবদুস শহীদ’র শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ।

সাঈদ জানান, স্যার এখন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। সোমবার এখানে তাকে ভর্তি করা হয়। আজ তার করোনা পজিটিভ আসে। তবে স্যারের কোনো শ্বাসকষ্ট নেই। শরীরে জ্বর আছে।

এদিকে, সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খানও আজ করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার তিনি শ্বাসকষ্ট নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি হন। সেখানে নমুনা পরীক্ষায় আজ পজিটিভ আসে।

তার একান্ত সহকারী কয়েছ মিয়া জানান, বর্তমানে এমপি মোকাব্বির খান ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিবিড় পর্যবেক্ষণে আছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।