চট্টগ্রােমের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকায় জায়গা সম্পত্তির বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে আমেরিকা প্রবাসী মো. বেলাল (৪০) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, সৎ মামা আবদুর রউফ ভুট্টুোর মারধরের শিকার হয়ে মারা যান বেলাল।
নিহত বেলাল জিরি ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার নুর আহমদের ছেলে।
জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ মামা আবদুর রউফ ভুট্টো সদলবলে তার ওপর এক সপ্তাহ আগে হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছে বেলালের পরিবার।
নিহতের বড়ভাই সাইফুল ইসলাম জানান, বেলাল পাঁচ মাস বয়সী সন্তানকে দেখার জন্য আমেরিকা থেকে এক মাসের জন্য বাংলাদেশে আসেন। কিন্তু লকডাউন শুরু হলে তিনি আমেরিকা ফিরে যেতে পারেননি।
এরই মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দেখা দিলে আবদুর রউফ ভুট্টো তাদের উপর হামলা করে। ৬ জুন সন্ধ্যায় বেলালের ওপর অতর্কিত হামলা চালায় ভুট্টো।
বৃহস্পতিবার (১১ জুন) অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ সাপোর্ট না পেয়ে অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে বেলাল মারা যান।
অভিযোগের বিষয়ে আবদুর রউফ ভুট্টোর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বায়ান্নটিভিকে বলেন, বেলালের মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তও করা হয়েছে। বেলালের পরিবার থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি। মামলা করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


