গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ কক্ষের ঘর, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬ 42 views
শেয়ার করুন

 

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর ব্রিটিশ আইডিয়াল স্কুলের সামনের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাত কক্ষের পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে ধারাবহর গ্রামের মৃত আব্দুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফজরের নামাজ শেষে পাশের বাড়ির ফয়েজ উদ্দিন ও জইন উদ্দিন ঘরের বাইরে আগুন দেখতে পান। তারা চিৎকার করে পরিবারের সদস্যদের ঘুম থেকে জাগিয়ে তোলেন।

পরিবারের সদস্যরা ঘর থেকে বের হওয়ার পর স্থানীয়রা বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পাশের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেই ঘরের অন্য পাশেও আগুন জ্বলতে দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সাত কক্ষের পুরো ঘরটি আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা কম। বরং ঘরের ওপরের অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া বাড়ির বাসিন্দা মৃত আব্দুল হকের ছেলে মান্না আহমদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ফয়াজ ভাইয়ের ডাকেই আমরা ঘুম থেকে উঠি। উঠে দেখি ঘরের ওপরের দিকে আগুন ধরে গেছে। তিনি যদি সময়মতো আমাদের না ডাকতেন, তাহলে আমার মা, স্ত্রী-সন্তানসহ আমরা সবাই ঘুমের মধ্যেই পুড়ে ছাই হয়ে যেতাম।”
টিলা কাটার প্রতিবাদ করায় হুমকির অভিযোগ
মান্না আহমদের দাবি, গত কয়েকদিন ধরে বাঘার শরিফ উদ্দিনের আবাসন প্রকল্পে টিলা কাটার প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় তিনি বাঘার শরিফ উদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার আশঙ্কা, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে।
মান্না আহমদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে তাকে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনার পর গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।