তিন দিনেও ফেরেনি মারুফ, সন্তানের অপেক্ষায় নির্ঘুম মা-বাবা
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ১৩ বছর বয়সী শিশু মারুফ আলম নিখোঁজের তিন দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ছেলেকে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। সন্তানের অপেক্ষায় নির্ঘুম রাত পার করছেন মা-বাবা। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন।
মারুফ আলম উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও গৃহিনী সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, গত ৩১ জুলাই দুপুর ২টার দিকে নতুন বাড়ি থেকে পাশের পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে যায় মারুফ। খেলাধুলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন আত্মীয়স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় একই দিন শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–২৩) করা হয়েছে।
পরিবারের ভাষ্য, মারুফের বয়স ১৩ বছর। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিন্সের প্যান্ট।
মারুফের বাবা আছির আলম বলেন, তিন দিন ধরে ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। কোথাও কোনো খোঁজ মিলছে না। যে-ই তার সন্ধান জানেন, দয়া করে আমাদের খবর দিন।
মারুফ আলমের সন্ধান পেলে ০১৭৮০৭৯৫০৭১ (বাবা) অথবা ০১৪০৮-০৭৩৫১৬ (ভাই) নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি অলি উল্লাহ বলেন, ছেলেটি আমরা খোঁজাখুঁজি করছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।


