শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে জলবায়ু সহনশীল ও উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষাবাদ সম্প্রসারণে কৃষকদের নিয়ে দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করছে জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট এবং শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মো. মছব্বির। ডিআর-সিসিএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনরিচ প্রকল্পের এসেড ও হবিগঞ্জের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান। প্রশিক্ষণ কর্মসূচির ডিআর-সিসিএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন এনরিচ প্রকল্পের শিমুলবাঁক ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক, পাথারিয়া ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট দিপলু সূত্রধর, ডিআর-সিসিএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জাকারিয়া এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব।
প্রশিক্ষণে শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর ও সরদারপুর গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। তাদের জলবায়ু সহনশীল ও উচ্চ ফলনশীল আমন ধানের উপযোগী জাত নির্বাচন, উন্নত বীজতলা প্রস্তুত, চারা রোপণ, পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষকদের আধুনিক ও টেকসই ধান চাষাবাদে দক্ষ করে তোলা এবং উচ্চ ফলনশীল আমন ধানের নতুন জাত মাঠপর্যায়ে সম্প্রসারণই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।


