বছরব্যাপী সমন্বিত ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে মশক নিধন অভিযানে নামছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ রোববার (৭ জুন) থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, রোববার লালবাগ বেড়িবাঁধ সংলগ্ন নবাবগঞ্জ পার্কে ফগিং ও আরমানিটোলা মাঠ সংলগ্ন সামসাবাদ মাঠে লার্ভি সাইডিং কার্যক্রমের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
অন্যদিকে গতকাল থেকে মশক নিধনে দ্বিতীয় দফায় চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
গতকালের অভিযানের প্রথম দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ১১ হাজার ৯৬৯ বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১৩১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া আট হাজার ৩৮০টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় আটটি বাড়ি-নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়।
১০ দিনব্যাপী এ অভিযান শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে। চিরুনি অভিযান পরিচালনার উদ্দেশে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০টি সাবসেক্টরে ভাগ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের একটি সেক্টরে অর্থাৎ ১০টি সাবসেক্টরে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এভাবে আগামী ১০ দিনে সমগ্র ডিএনসিসিতে চিরুনি অভিযান সম্পন্ন হবে


