সিলেটের বিয়ানীবাজার মোল্লাপুর ইউনিয়নে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৫ পরিবারকে সহায়তা দিচ্ছেন প্রবাসী ও চেয়ারম্যান

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ 710 views
শেয়ার করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নে মহামারি করোনায় হোম কোয়ারেন্টাইনে থাকা ১৫ টি পরিবারকে নিয়মিত ভাবে সহায়তা দিচ্ছেন এক প্রবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। মোল্লাপুর গ্রামের সন্তান কানাডা প্রবাসী দুলাল আহমদ ও ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান নিজেদের অর্থায়নে ঐ পরিবার গুলোকে ১৪দিনের প্রয়োজনীয় সকল সামগ্রী নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন। তাঁদের মানবিক সে প্রয়াস স্থানীয় ভাবে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

জানা যায়, মহামারি করোনায় আক্রান্তদের সংস্পর্শে যাওয়া ও দেশের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি মোল্লাপুর ইউনিয়নে আসা ১৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এসময় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে ঐ পরিবার গুলোর পাশে এসে দাঁড়িয়েছেন কানাডা প্রবাসী দুলাল আহমদ ও ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান। তাঁরা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিবারের সকল সদস্যের জন্য চাল- ডাল, মাছ-তরকারিসহ ১৪ দিনের নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী নিজ হাতে বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দিচ্ছেন। এছাড়া নিয়মিত তাদের খোঁজ খবরও নিচ্ছেন। প্রবাসী ও চেয়ারম্যান এর এই মানবিক সহায়তার বিষয়টি স্থানীয় ভাবে বেশ প্রশংসিত হচ্ছে।

এ বিষয়ে কানাডা প্রবাসী দুলাল আহমদ বলেন, মানুষের দুঃসময়ে মানুষ এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে কে স্থানীয় আর কে ভিন্ন জেলার তাতে কোন বেদাবেদ করা ঠিক নয়। করোনা মহামারির এই দূর্যোগময় সময়ে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরে মানষিক তৃপ্তি লাভ করছি। এক্ষেত্রে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান ভাইকে। তিনি প্রথম থেকে এ ইউনিয়নের করোনা দূর্গত মানুষদের জন্য নিরলস ভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।