সিলেটের বিয়ানীবাজারে করোনা আক্রান্ত আরো ১ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ 657 views
শেয়ার করুন

 

মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেটের বিয়ানীবাজারে আরো একজনের মৃত্যু ঘটেছে। আজ রবিবার (৩১ মে) সকাল ১০ টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তমছির আলী (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে (ইন্না-লিল্লাহ……রাজিউন)। বৃদ্ধ তমছির আলীর বাড়ি উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর (মাজরপট্রি) গ্রামে।

উপজেলা হাসপাতাল ও মরহুমের পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা মালোপাড়া গ্রামের আবুল কাশেম নামের এক গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ঘটে করোনা আক্রান্ত হয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তমছির আলীর শরীরে কয়েকদিন থেকে করোনা রোগের উপসর্গ দেখা যায়।

তাই তাঁকে প্রথমে বিয়ানীবাজার আলফা ক্লিনিকে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার জন্য নেয়া হয় তাঁর নমুনা। শনিবার রাত ১ টার দিকে তাঁর করোনার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। তখন তাঁকে সিলেট শহীদ শামছুদ্দিন হাসপাতালে নেওয়া হয়।

এখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০ টার দিকে তাঁর মৃত্যু ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, তাঁর লাশ দাফনের জন্য বাড়ি নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে।