সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পশ্চিম প্রান্তে অবস্থিত ১-৬ নং ওয়ার্ডে মহামারি করোনায় কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত এক মাসে ধাপে ধাপে এ অঞ্চলের ৬টি ওয়ার্ডের প্রায় ৫শত পরিবারের মাঝে রাতের আঁধারে গোপনে ঘরে ঘরে পৌঁছে দেয়া হয় এ উপহার সামগ্রী।
জানা যায়, পশ্চিম লাউতা ইউনিয়নের কৃতি সন্তান, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক এজিএস ও বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেইট আওয়ামী যুবলীগের সভাপতি নুরুজ্জামান সোহেল উদ্যোগ গ্রহন করেন মহামারি করোনায় কর্মহীন হয়ে পড়া এ অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষকে সহায়তা প্রদানের। তাঁর এ মহৎ উদ্যোগে অত্র এলাকার আরো ক’জন প্রবাসী অর্থ প্রদান করে সম্পৃক্ত হোন। তন্মধ্যে আমেরিকা প্রবাসী লাউতা ইউপির বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল, আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক এজিএস আব্দুর রহমান, আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ, আমেরিকা প্রবাসী নাইমুল হাসান ও কামরান আহমদ।
প্রবাসীদের অর্থায়নে ও স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় ধাপে ধাপে লাউতা ইউনিয়নের ১,২,৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক মানুষের ঘরে ঘরে রাতের আঁধারে গোপনে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে।


