বানিয়াচং মুরাদপুর হাওরে নৌকা ডুবিতে নারী নিহত, নিখোঁজ ২

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ 926 views
শেয়ার করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে নৌকা ডুবিতে দুলনা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর শিশুপুত্র ও ভাই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।
 
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ২টার দিকে রহমতপুর গ্রামের নিকটবর্তী হাওরে এ ঘটনাটি ঘটে।
 
নিহত দুলনা আক্তার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হুকড়া মহল্লার আব্দুল আওয়ালের মেয়ে। এছাড়া নিখোঁজ দুইজন হলেন- নিহতের ভাই আলী নূর (৩৬) এবং শিশুপুত্র খোকন মিয়া (৫)।
 
নিহত ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন আহমেদ।
 
পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হুকুড়া মহল্লার একই পরিবারের ৭ জন একটি নৌকা যোগে পাশ্ববর্তী বানিয়াচংয়ের মুরাদপুর গ্রামে বেড়াতে যাচ্ছিলেন৷ পথিমধ্যে রহমতপুর এলাকার হাওরে পৌছলে নৌকাটি ডুবে যায়৷ এতে নৌকার সবাই পানিতে ডুবে চিৎকার করতে থাকে৷ তাদের চিৎকার শুনে আশপাশ এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করে৷ খবর পেয়ে বানিয়াচং থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় দুলনা আক্তার (২৮)কে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷
 
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন বলেন- আমিসহ থানা পুলিশ এখনো ঘটনাস্থলে অবস্থান করছি। ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আরও ২ জন নিখোঁজ রয়েছেন৷