সুনামগঞ্জের হাওরে নতুন আকর্ষণ ভাসমান ‘ভ্রমণ বিলাস পার্ক’
রাজাপুর গ্রামের নয়জন উদ্যোক্তা মিলে তৈরি করেছেন ভ্রমন বিলাস পার্ক
জলরাশি আর মুক্ত বাতাসের মিতালি। ঠিক এমন এক মনোরম পরিবেশে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরের বুকে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক ভাসমান পার্ক—‘ভ্রমণ বিলাস পার্ক।
গত ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর এই পার্ক। তিন দিক জলরাশি আর এক দিক সড়ক—এমন চমৎকার ভৌগোলিক অবস্থানে প্রায় এক একর জায়গাজুড়ে এটি নির্মাণ করেছেন রাজাপুর গ্রামের নয়জন তরুণ উদ্যোক্তা। উদ্যোক্তারা হলেন, অনিত তালুকদার, সুদীপ্ত তালুকদার, গোকল চন্দ্র তালুকদার, প্রদীপ কুমার তালুকদার, প্রদীপ দাস, স্বপন দাস, কাজল কান্তি তালুকদার, রিপন দাস, ও সবুজ তালুকদার। চমৎকার এই পার্ক বানাতে খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

তরুণ উদ্যোক্তাদের এই উদ্যোগে যেমন বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তেমনি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে।
উদ্যোক্তারা বলেন “আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, মানুষের বিনোদন ও সেবা নিশ্চিত করা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা মানুষের নিরাপত্তা ও সর্বোচ্চ আতিথেয়তা প্রদানে আমরা কাজ করে যাচ্ছি। পার্কটিকে আরও আকর্ষণীয় করতে আমাদের কাজ চলমান রয়েছে।”
দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে ছয়টি নান্দনিক গোলঘর। এ ছাড়া পানির ওপর আরও দুটি গোলঘরে যাওয়ার জন্য রয়েছে প্লাস্টিক বোটের সুব্যবস্থা। খাবার দাবারের জন্য রেস্টুরেন্ট, পার্টি সেন্টার এবং আধুনিক টয়লেটের ব্যবস্থাও রয়েছে এই পার্কে।
ছুটির দিনে কিংবা বিকেলে পরিবার-পরিজন নিয়ে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন এখানে। সন্ধ্যার চমৎকার আলোকসজ্জা এই পার্কের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ।
দর্শনার্থীরা জানান, এখানকার পরিবেশ দারুণ লেগেছে, কর্তৃপক্ষের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।” যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে সুনামগঞ্জের পর্যটন তালিকায় যুক্ত হয়েছে এই নতুন ঠিকানা।


