ট্যালেন্টপুলে বৃত্তি পেল শান্তিগঞ্জের অদ্রি চক্রবর্তী
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অদ্রি চক্রবর্তী। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
অদ্রি চক্রবর্তী শত্রুমর্দন গ্রামের বাসিন্দা অমৃত চক্রবর্তী অজয় ও কৌশল্যা চক্রবর্তীর সন্তান। তার বাবা পেশায় একজন ফার্মাসিস্ট এবং মা একজন শিক্ষিকা। বর্তমানে অদ্রি পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
নিজের ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়ে অদ্রি বলে, আমি বড় হয়ে প্রথমে একজন সুশিক্ষিত ও মানবিক মানুষ হতে চাই। এরপর একজন স্বনামধন্য শিক্ষক হিসেবে জাতি গঠনের কাজে নিজেকে নিয়োজিত করতে চাই। মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার জীবনের প্রধান লক্ষ্য।
অদ্রির এ সাফল্যে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। তারা জানান, নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও অদ্রি যেন আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে, সে জন্য তারা সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন।


