ব্রিটেনে মুসলিম ইজতেমায় ভয়ঙ্কর হামলার ষড়যন্ত্র: সমাবেশ শেষ হলো সময়ের আগেই:

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৬ 24 views
Screenshot
শেয়ার করুন

 

সাফোকের ইপসউইচে আয়োজিত মুসলিম ধর্মীয় সমাবেশ ‘ইউকে ইজতেমা’ চরম ডানপন্থী সন্ত্রাসীদের হামলার হুমকির মুখে গতকাল রোববার নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে। ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ হাজার মুসলমান এই সমাবেশে যোগ দিয়েছিলেন। তাঁদের সবাই যেন নিরাপদে সমাবেশস্থল থেকে যার যার গন্তব্যে যাত্রা করতে পারেন, পুলিশ সেজন্যে ‘মেজর ইনসিডেন্ট’ ঘোষণা করে সমন্বিত উদ্যোগ নিয়ে তাদের সহযোগিতা করেছে।

সাফোকের বারহামে অবস্থিত শ্রাবল‍্যান্ড হলে এই ইজতেমার আয়োজন করা হয়েছিলো।

এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে কাউন্টার টেররিজম পুলিশিং (সিটিপি) লন্ডন, এ পর্যন্ত ১২ জনকে আটক করেছে।

হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন, পুলিশের দ্রুত হস্তক্ষেপে ‘সন্দেহাতীতভাবে মানুষের জীবন রক্ষা পেয়েছে‘।

সিটিপির কমান্ডার হেলেন ফ্লানাগান বলেছেন, তাঁর বাহিনী বিষয়টি জানতে পারার সাথে সাথেই দেশের বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতারের অভিযান শুরু করে।

আটকদের মধ্যে ৫৫, ৬০ ও ৮২ বছর বয়সী তিন পুরুষকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সারে এলাকা থেকে। আর ৪৮ বছর বয়সী এক নারীকে ইস্ট লন্ডন থেকে আটক করা হয়েছে দলটির একজন সদস‍্যকে সহায়তা করার দায়ে। আটক নারী ব‍্যতীত অন‍্যদের সবাইকে গ্রেফতার করা হয়েছে রোববার।

আরও আট জন পুরুষকে সন্ত্রাস আইন ২০০০-এর আওতায় গ্রেফতার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সারে এলাকা থেকে আটক দুজনের বয়স ২৭ ও ২৯। অন‍্য দুজনেরই বয়স ৪২, এই দুজনকে আটক করা হয়েছে এসেক্স থেকে। ২৭ বছর বয়ষ্ক এক পুরুষ আটক হয়েছেন ইপসউইচ থেকে আর ৩৫ বছর বয়সী অবশিষ্ট জন আটক হয়েছেন গ্রেটার ম‍্যানচেষ্টার এলাকা থেকে। এরা সকলেও আটক হয়েছেন রোববার।

পুলিশের অব‍্যাহত অভিযানের আওতায় এ পর্যন্ত সর্বশেষ দুজনকে গ্রেফতার করা হয়েছে আজ সোমবার লন্ডন থেকে। এদের বয়স ৩১ ও ৩৩ বছর। আটক নারীও আজ গ্রেফতার হয়েছেন ইস্ট লন্ডন থেকে।

হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন, ব্রিটিশ মুসলিমদের জন্যে বিষয়টি অত‍্যন্ত উদ্বেগের, আমি সেটা উপলব্ধি করি। ঘৃণা এবং বিদ্বেষের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আমাদের এই মুক্ত দেশটির সহানুভূতি ও সহনশীলতার যে অবস্থান আমরা সবাই ধারণ করি, তার ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইপসউইচের বারা কাউন্সিলার রুমান মুহিত পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতার জন‍্যে তাদের ধন্যবাদ জানান।