গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ দুবাই শাখার নতুন কার্যকরী কমিটি

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬ 122 views
শেয়ার করুন

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ, দুবাই শাখার ২০২৬-২০২৭ সেশনের নবগঠিত কার্যকরী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে গত ১৪ জুন জুমের মাধ্যমে এক ভার্চুয়াল আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহাবুদ্দিন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন রিয়াজ আহমদ। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রফেসর আলিম উদ্দিন নবগঠিত কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে মুছা আল আকবর সভাপতি, আখতারুজ্জামান সাধারণ সম্পাদক এবং শাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় উপদেষ্টা নজরুল ইসলাম নাহিম সংগঠনের ঐক্য, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রাক্তন সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ শাহিন সংগঠনের অতীত সাফল্যের কথা তুলে ধরে নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং সবাইকে সম্মিলিতভাবে সংগঠনের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন প্রচার সম্পাদক আদিল আহমদ, কামাল উদ্দিন, ইকবাল হোসেন, জামাল উদ্দিন, আখতারুজ্জামান, চান মিয়া, শফিকুর রহমান এবং গোলাম কিবরিয়া। বক্তারা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নতুন সদস্য সংগ্রহ, প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত হাজী আইয়ুব উল্লাহ, আব্দুল আহাদ বাবুল এবং মাস্টার মোশাররফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে মুছা আল আকবর সকল সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের দায়িত্ব একটি আমানত। সকলকে সঙ্গে নিয়ে ঐক্য, মানবিকতা ও সহযোগিতার ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি কাজ করে যাবেন।
আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ, দুবাই শাখা আগামী দিনে আরও সুসংগঠিত ও প্রবাসীবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।