সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও দুজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আক্রান্ত দুজনের মধ্যে একজন ৯ বছরের শিশু ও অপরজন ৪৫ বছরের মহিলা। সোমবার মধ্যরাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, আক্রান্ত ৯ বছরের শিশুর পিতা করোনায় মৃত বিয়ানীবাজারের আবুল কাশেমের সংস্পর্শে এসেছিলেন এবং অপর আক্রান্ত মহিলা বিয়ানীবাজার থেকে সিলেটের একটি হাসপাতালে গিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক আত্মীয়কে দেখতে। পরে তিনি মৃত ঐ আত্মীয়র লাশের সাথে ব্রাক্ষণবাড়িয়া যান এবং সেখান থেকে বিয়ানীবাজারে ফিরলে তার নমুনা টেস্টের জন্য পাঠানো হয়। সোমবার রাতে এ দুজনের করোনা পজেটিব হওয়ার তথ্য পাওয়া যায়।
ডাঃ আবু ইসহাক জানান, নতুন সনাক্ত এ দুই রোগীর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি সবাইকে সর্তর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেন, এই মুহুর্তে বিয়ানীবাজারে সামাজিক সংক্রমন ছড়িয়ে পড়েছে, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।


