ঢাকার সাভার পৌর এলাকার নামাবাজার সংলগ্ন শ্রী শ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে ধ্যান মন্দির। মানসিক প্রশান্তি, আত্মসচেতনতা ও আধ্যাত্মিক চর্চার সুযোগ তৈরি করতেই এ ধ্যান মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ধ্যান মনকে শান্ত, একাগ্র ও সচেতন করার একটি প্রাচীন পদ্ধতি। নিয়মিত ধ্যান মানসিক চাপ কমাতে, আত্মসচেতনতা বাড়াতে এবং মনের অস্থিরতা দূর করতে সহায়ক হতে পারে। পাশাপাশি নিয়মিত ও সঠিকভাবে ধ্যানের চর্চা মানসিক প্রশান্তি ও ইতিবাচক চিন্তা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
পঞ্চবটী আশ্রমের ধ্যান মন্দিরটি সকল সনাতন ধর্মাবলম্বীর জন্য উন্মুক্ত। প্রতিদিন দুই বেলা এখানে ধ্যান করার সুযোগ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, ব্যস্ত জীবনের নানা চাপের মধ্যেও প্রতিদিন কয়েক মিনিট নীরবে ধ্যান ও আত্মচর্চার জন্য সময় বের করা প্রয়োজন।
যেভাবে যাবেন
সাভারগামী বাসে এসে সাভার বাজার বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে রিকশা বা অটোরিকশায় সাভার নামাবাজার। অটোরিকশার ভাড়া জনপ্রতি প্রায় ১০ টাকা। চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েও আশ্রমে যাওয়া যাবে।
আশ্রমের পাশে বাজারে দুপুরের খাবারের জন্য বেশ কয়েকটি আমিষ ও নিরামিষ খাবারের হোটেলও রয়েছে।
আধ্যাত্মিক চর্চা ও মানসিক প্রশান্তির জন্য সাভারের এই ধ্যান মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি সুন্দর ও শান্ত পরিবেশ তৈরি করেছে।


