মানবতার সেবায় সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট, ক্যান্সার আক্রান্ত ব্যবসায়ী আশরাফুজ জামানের চিকিৎসায় ১ লাখ ২৫ হাজার টাকা সহায়তা
মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সাভার থানা রোডস্থ নিউ ক্যাফে মেট্রো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুজ জামানের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট। তাঁর চিকিৎসা ব্যয়ে সহযোগিতার জন্য সংগঠনটির পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আশরাফুজ জামান। দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবারকে কঠিন আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এমন সংকটময় সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সংগঠনটির সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাৎক্ষণিকভাবে অর্থ সংগ্রহ করে প্রথম ধাপে ১ লাখ ২৫ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি আশরাফুজ জামানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে এ অর্থ তুলে দেন এবং ভবিষ্যতেও তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কাদের তালুকদার, সহ-সভাপতি শাহানা জাহান সিদ্দিকা, সাধারণ সম্পাদক স্মরণ সাহা, সহ-সাধারণ সম্পাদক আমিনুর ফকির, অর্থ সম্পাদক শফিক পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি,প্রচার সম্পাদক আজিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্তরা বলেন, মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাঁর চিকিৎসার পথ অনেকটাই সহজ হতে পারে।
সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানবিক সমাজ গঠনে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আশরাফুজ জামানের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে তাঁর চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সংস্কৃতির জয় হোক, জয় হোক মানবতার —মানুষ মানুষের পাশে দাঁড়াক।


