সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতজ্জামান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয় উপজেলা ক্রীড়া কমিটির সভাপতি করা হয়েছে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে। উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম নাঈমকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক মো. কিবরিয়া।
আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল রাখা এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার স্বার্থে শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত এই কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
কমিটির মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলায় ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আবুল কাশেম নাঈম ও মো. কিবরিয়া বলেন, আমাদের উপর যে দায়িত্বভার অর্পন করা হয়েছে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সব সময় চেষ্টা করবো উপজেলার খেলাধুলা মান বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার। অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলার সকল ক্রীড়ামোদী ও খেলোয়ারদের সহযোগিতা কামনা করছি।